মুন্সিগঞ্জে পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ শহরের শ্রীপল্লীতে শত বছরের পুরোনো একটি পুকুর ভরাটের প্রতিবাদে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও এলাকাবাসীর উদ্যোগে গতকাল শনিবার মানববন্ধন করা হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এলাকাসংলগ্ন সড়কে এই মানববন্ধন করা হয়।
এতে বাপার মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাবেক পৌর মেয়র মুজিবুর রহমান, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ প্রবীর কুমার গাঙ্গুলি, সাংবাদিক প্রশান্ত কুমার গাঙ্গুলি প্রমুখ অংশ নেন।
মানববন্ধন শেষে প্রবীর কুমার গাঙ্গুলি বলেন, অনেক আগে থেকেই পুকুরটি এলাকার মানুষ নানা কাজে ব্যবহার করে আসছে। এটি ভরাট করায় জীববৈচিত্র্যসহ পরিবেশের ব্যাপক ক্ষতি হবে। তাই পুকুরটি ভরাটের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ করা হয়েছে।
এলাকার কয়েকজন জানান, এলাকার কানাডাপ্রবাসী মফিজুল হকসহ একটি মহল নিজেদের মালিকানা দাবি করে হঠাৎ করে পুকুরটিতে বাঁশ পুঁতে বেড়া দিয়ে ভরাট করা শুরু করেন। তবে চেষ্টা করেও মফিজুল হকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
পরিবেশ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলার সহকারী পরিচালক নূরে আলম বলেছেন, পুকুরটি ভরাটের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত সব ব্যবস্থা গ্রহণ করা হবে।