মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে হেফাজতের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে গতকাল শুক্রবার জুমার নামাজের পর হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে দুই পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে হেফাজতের চার কর্মীকে আটক করেছে পুলিশ।
মুক্তারপুর পুলিশ ফাঁড়ি জানায়, কোনো অনুমতি ছাড়াই জুমার নামাজের পর পঞ্চসারের নয়াগাঁও মসজিদ থেকে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মুক্তারপুর ফেরিঘাটের কাছে গেলে পুলিশ বাধা দেয়। মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশ হেফাজতের নেতা-কর্মীদের ওপর লাঠিপেটা শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইটের আঘাতে পুলিশ কনস্টেবল মুস্তাফিজুর রহমান ও জাহিদুল ইসলাম আহত হন।
মুক্তারপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মো. সেলিম প্রথম আলোকে বলেন, হেফাজতের নেতা-কর্মীরা কোনো অনুমতি ছাড়াই বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করে। কিন্তু তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে দুই পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় হেফাজতের কর্মী মনিরুজ্জামান (২৫), জুবায়ের আহমেদ (১৬), জাকির হোসেন (১৮), মোছাব্বির হোসেনকে (২৫) আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।