মুন্সিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা ও শ্যামসিদ্ধি আরতিপাড়া এলাকায় গত বৃহস্পতিবার পৃথক দুর্ঘটনায় দুজন নিহত ও সাতজন আহত হয়েছে।শ্রীনগর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকা-মাওয়া মহাসড়কের কামারখোলা কবরস্থানের কাছে ঢাকাগামী জাগুয়ার পরিবহনের যাত্রীবাহী বাস ও মাওয়াগামী সিএনজিচালিত স্কুটারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। তাদের মধ্যে রাসেল মিয়া (১৯) নামের এক যাত্রী হাসপাতালে নেওয়ার পর মারা যান। রাসেলের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ গ্রামে। একই দিন বিকেলে শ্যামসিদ্ধি-শ্রীনগর সড়কের আরতিপাড়ায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মনির হোসেন (২৫) নিহত ও চালকসহ অপর চারজন আহত হন। মনিরের বাড়ি শ্রীনগরের শ্যামসিদ্ধি গ্রামে। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এসব ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।