মুন্সিগঞ্জে প্রত্নতত্ত্ব খননকাজ পরিদর্শনে ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার
বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য গতকাল শনিবার মুন্সিগঞ্জ সদর উপজেলার রঘুরামপুরে প্রত্নতত্ত্ব খননকাজ পরিদর্শন করেছেন। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে এ খননকাজ চলছে। বিক্রমপুরের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের অনুসন্ধান করাই এর উদ্দেশ্য।ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রত্নতত্ত্ব খননকাজে সহযোগিতার আশ্বাস দেন এবং এ উদ্যোগের সফলতা কামনা করেন।দিনব্যাপী মুন্সিগঞ্জ সফরে সঞ্জয় ভট্টাচার্য লৌহজং উপজেলায় অগ্রসর বিক্রমপুরের পাঠাগার ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখেন। এরপর তিনি মাওয়ায় নৌ-ভ্রমণে যান।বিকেলে ভারপ্রাপ্ত হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের বালাশুরে জমিদারবাড়িতে নির্মাণাধীন বিক্রমপুর জাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্র ঘুরে দেখেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুল আমিন, প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক শফিকুল ইসলাম, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুহ-উল আলম লেনিন, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক আজিজুল আলম, হাইকমিশনারের স্ত্রী রানু ভট্টাচার্য প্রমুখ।বিএনপির প্রতিবাদ সভামুন্সিগঞ্জে যুবদলের নবগঠিত কমিটিকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে জেলা বিএনপি প্রতিবাদ সভা করেছে। গতকাল শনিবার দুপুরে মুন্সিগঞ্জ শহরে বিএনপির কার্যালয়ের সামনে এ সভা হয়। এতে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিন্হা, জেলা বিএনপির সভাপতি আবদুল হাই, যুগ্ম সম্পাদক আতোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুল কুদ্দুস ধীরন, শহর বিএনপির সভাপতি ও পৌর মেয়র ইরাদত হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।