মুন্সিগঞ্জে ফল ঘোষণার পর হামলা, সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ফল ঘোষণার পর গতকাল মঙ্গলবার রাতে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থীর সমর্থকের ওপর হামলা চালিয়েছে বিজয়ী প্রার্থীর সমর্থকেরা।এ ছাড়া গতকাল আধারা ও মহাকালী ইউনিয়নের বিভিন্ন স্থানে ইউপি চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীদের সমর্থকদের মধ্যে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ৩৫ জন আহত হয়েছে।স্থানীয় সূত্র জানায়, চরাঞ্চলের মোল্লাকান্দি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে রিপন পাটোয়ারী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ আলম মল্লিককে সমর্থন দেন স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের নেতারা। গতকাল হওয়া ওই ইউনিয়নের নির্বাচনে রিপনের কাছে পরাজিত হন শাহ আলম। নির্বাচনের ফলাফল জানার পর রিপনের লোকজন মোল্লাকান্দির নোয়াদ্দা, ঢালীকান্দি ও পূর্ব মাকহাটি গ্রামে শাহ আলমের সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। তারা মুহুর্মুহু ককটেলের বিস্ফোরণ ঘটায়। গতকাল রাত ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মোল্লাকান্দিতে থেমে থেমে ককটেলের বিস্ফোরণ ঘটছিল।পূর্ব মাকহাটি গ্রামের মল্লিকবাড়ির মনোয়ারা বেগম বলেন, ‘রিপনের লোকজন আমার শ্বশুরবাড়িতে হামলা করে। তারা শাশুড়িকে ঝাড়ু দিয়ে পেটায়। পাশের বাড়ির এক নারীর চুল ধরে ঘর থেকে বের করে মারধর করে। আমরা অনেক আতঙ্কে আছি।’এর আগে গত সোমবার বিকেলে মুন্সিগঞ্জ শহরে রিপন পাটোয়রীকে লাঞ্ছিত করে শাহ আলমের সমর্থকেরা। এ ব্যাপারে রিপন পাটোয়ারী ও শাহ আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।এদিকে সদর উপজেলার আধারা ইউনিয়নের শোলারচর, চর ডুমুরিয়া বাজার ও মুন্সিকান্দি গ্রামে গতকাল সন্ধ্যায় পরাজিত ও বিজয়ী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এসব এলাকায়ও ককটেলের বিস্ফোরণ ঘটে।মহাকালী ইউনিয়নের উত্তর কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে দুই ইউপি সদস্য পদপ্রার্থী মো. আলমগীর মিজি ও জামাল খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয় পাঁচজন। এসব সংঘর্ষ ও হামলার ব্যাপারে পুলিশ সুপার মো. সফিকুল ইসলাম বলেন, চরাঞ্চলের ঐতিহ্য অনুযায়ী নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচনের পরে যেটুকু ঘটনা ঘটেছে, তা আগের তুলনায় অনেক কম। সংঘর্ষের স্থানে পুলিশ পাঠানো হয়েছে।