মুন্সিগঞ্জে বন্দুকযুদ্ধ ছাত্রলীগ নেতাসহ ছয়জন গুলিবিদ্ধ
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মহেশপুর গ্রামে গতকাল শুক্রবার বিকেলে বন্দুকযুদ্ধে ছয়জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। মাথায় গুলিবিদ্ধ সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক খায়রুল ইসলামকে (৩০) প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ অপর আহত ব্যক্তিরা হলেন সালাম, বেলাল, শামসুল হক, মোবারক ও মহিউদ্দিন। অন্য আহত ব্যক্তিদের ঢাকা ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকার ও দেওয়ান পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দুই পক্ষের লোকজন প্রথমে দেশীয় অস্ত্র ও পরে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা-পাল্টা হামলায় জড়িয়ে পড়ে। শুরু হয় গুলিবিনিময়। প্রত্যক্ষদর্শী শাহিন মিয়া জানান, এ সময়ে অনেকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এলাকাবাসী আহতদের হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।