মুন্সিগঞ্জে বিচারক সংকটের কারণে বিচারপ্রার্থীরা ভোগান্তিতে পড়েছেন
মুন্সিগঞ্জের বিভিন্ন আদালতে বিচারক সংকটের কারণে বিচারপ্রার্থীরা ভোগান্তিতে পড়েছেন। বর্তমানে এখানকার ১০টি আদালতে বিচারক নেই। গতকাল মঙ্গলবার জেলা আইনজীবী সমিতি এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরে। জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ফৌজদারি আদালতে মুখ্য বিচারিক হাকিম, অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ও জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে দীর্ঘদিন ধরে বিচারক নেই। এ ছাড়া দেওয়ানি আদালতে জ্যেষ্ঠ সহকারী জজ আদালত মুন্সিগঞ্জ সদর, সহকারী জজ আদালত লৌহজং এবং দ্রুত বিচার আদালতে বিচারক নেই। নারী শিশুদের জন্যও এখানে ভিন্ন আদালত নেই। এখানে সব মিলিয়ে গুরুত্বপূর্ণ ১০টি পদে বিচারক না থাকায় মামলাজট হচ্ছে। এর ফলে বিচারপ্রার্থীরা ভোগান্তিতে পড়েছেন। সংবাদ সম্মেলনে আদালতপাড়ায় পেশকার ও অফিস সহকারীদের দুর্নীতি ও বখাটেদের উৎপাতসহ নানা সমস্যা তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি আর্শেদ উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান প্রমুখ।