মুন্সিগঞ্জে বোমা হামলা পুলিশসহ আহত পাঁচ
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার আলদীবাজারে নারী উত্ত্যক্তের প্রতিবাদের জেরে একদল বখাটের বোমা হামলায় পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। গুরুতর আহত পুলিশ সদস্য আব্দুল আলিমকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের নাম-পরিচয় তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে আলদীবাজারের একটি মুদি দোকানের সামনে কয়েকজন নারীকে একদল বখাটে উত্ত্যক্ত করে। ওই মুদি দোকানের মালিকের ছেলে এর প্রতিবাদ করায় বখাটেদের সঙ্গে তাঁর ঝগড়া হয়। একপর্যায়ে বখাটেরা চলে যায়। পরে তারা আবারও বাজারে এসে পাঁচ-ছয়টি বোমার বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সব দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে টঙ্গিবাড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাইমা সুলতানা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নাইমা জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।