মুন্সিগঞ্জে ব্রাহ্মণভিটা উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন
আনন্দঘন পরিবেশে শনিবার মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূতি উদ্যাপন অনুষ্ঠান হয়েছে।সকালে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠান শুরু হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে বিদ্যালয়ের অনেক প্রাক্তন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পরে প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে দেখা হওয়ায় অনেকই একে অপরকে জড়িয়ে ধরেন। এরপর পুরোনো স্মৃতি স্মরণ করে কুশল বিনিময় করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সামসুল হক। প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শতবর্ষ উদ্যাপন কমিটির সদস্যসচিব আবু বকর সিদ্দিক মোল্লা, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন প্রমুখ। টঙ্গীবাড়ি উপজেলার ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৯১৩ সালে প্রতিষ্ঠা করা হয়।