মুন্সিগঞ্জের সদর উপজেলার মুক্তারপুরে মেসার্স কদমরসুল হিমাগারের ব্যবস্থাপনা নিয়ে দ্বন্দ্ব দেখা দেওয়ায় কৃষকেরা অগ্রিম ভাড়া দিয়েও আলু নিতে পারছেন না। ভুক্তভোগী কৃষকেরা গত শনিবার সকালে মুন্সিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কৃষকেরা জানান, গত ফেব্রুয়ারির মাঝামাঝি কদমরসুল হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক খাজা বাহাউদ্দিনের কাছে প্রতি বস্তা আলু সংরক্ষণের জন্য তাঁরা ১৬৫ টাকা করে অগ্রিম ভাড়া দেন। এখানে ১৫-২০ জন কৃষকের প্রায় ১০ হাজার বস্তা আলু আছে। এখন আলু বের করতে গেলে সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন নিজেকে হিমাগারের মালিক দাবি করছেন। তিনি আলু বের করতে হলে বস্তাপ্রতি ২৫০ টাকা করে ভাড়া চাচ্ছেন। কৃষকেরা জানান, এ বছর আলুতে তাঁদের লোকসান হয়েছে। তার ওপর একবার পুরো ভাড়া দেওয়ার পর আবার বস্তাপ্রতি ২৫০ টাকা করে দিতে হলে তা হিমাগারে রেখে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এ থেকে রেহাই পেতে গত ২৯ জুলাই তাঁরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন।জানা যায়, কদমরসুল হিমাগারের মোট মালিক নয়জন। তাঁরা হলেন—মোসলেহ উদ্দিন, হাবিবুর রহমান, সেলিম মিয়া, মো. আলী, খাজা বাহাউদ্দিন, শাহীন ইসলাম, গোলাম হোসেন, আবদুস সামাদ ও আবদুল আজিজ। শনিবার বিকেলে পৃথক সংবাদ সম্মেলন করে খাজা বাহাউদ্দিন জানান, ‘হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক আমি। হিমাগারের নয় মালিক আমাকে ১৫ বছরের জন্য ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দিয়েছেন।’ তাঁর কাছে এমন চুক্তিনামা আছে। কৃষকদের কাছ থেকে অগ্রিম ভাড়া নেওয়ার বিষয়টি স্বীকার করে বাহাউদ্দিন বলেন, ‘মহিউদ্দিন ও তাঁর লোকজন প্রাণনাশের হুমকি দিচ্ছেন। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও কৃষকদের আলু দিতে হিমাগারে যেতে পারছি না।’ওই দিনই পৃথক সংবাদ সম্মেলন করে হিমাগারের আরেক মালিক মোসলেহ উদ্দিন জানান, বাহাউদ্দিনের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালকের চুক্তি বাতিল করা হয়েছে।মো. মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘হিমাগারের মালিকেরা হিমাগার দেখভালের জন্য আমাকে ক্ষমতা দিয়েছেন। সেই হিসেবে আমিই হিমাগার দেখাশোনা করছি।’ তবে এ-সংক্রান্ত কোনো কাগজ তিনি দেখাতে পারেননি।কৃষকদের আলু না দেওয়া প্রসঙ্গে মহিউদ্দিন বলেন, ‘কৃষকেরা অগ্রিম টাকা দিয়েছেন বাহাউদ্দিনকে। আমাকে দেননি। আলু নিতে চাইলে বস্তাপ্রতি ২৫০ টাকা করে দিতে হবে।’সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘হিমাগারের মালিকানা নিয়ে আমরা থানায় বসেছিলাম। এ নিয়ে মামলাও চলছে।’ ওসি আরও জানান, কৃষকদের সংরক্ষিত আলু বের করা নিয়ে পুলিশ সুপারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।