মুন্সিগঞ্জে ভুল ওষুধ প্রয়োগে শিশুর মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের একটি ক্লিনিকে গত শনিবার ভুল ওষুধ প্রয়োগের কারণে একটি শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।গত শনিবার সন্ধ্যা ছয়টার দিকে মুন্সিগঞ্জ শহরের বাগমামুদালীপাড়ার একতা ক্লিনিকে শাহাদাত নামের ৪২ দিন বয়সের ওই শিশুটি মারা যায়। এ ঘটনায় শিশুটির বাবা মো. রিপন বেপারী মুন্সিগঞ্জ সদর থানায় মামলা করেন। পরে পুলিশ ক্লিনিকের কর্মী মো. মোস্তাফিজুর রহমান, সেবিকা মাকসুদা ও সেবক (ব্রাদার) ইমরান হোসেনকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া তিনজনকে গতকাল রোববার আদালতে হাজির করে তাঁদের পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। আদালত আজ সোমবার রিমান্ডের শুনানির দিন ধার্য করেছেন। পরে গ্রেপ্তার হওয়া তিনজনকে কারাগারে পাঠানো হয়।শিশুটির বাবা রিপন বেপারী বলেন, ঠান্ডাজনিত অসুস্থতার কারণে শাহাদাতকে শিশুরোগ-বিশেষজ্ঞ আবদুল মতিনের কাছে নিয়ে যান। চিকিৎসক তাকে একতা ক্লিনিকে ভর্তি করে ব্যবস্থাপত্র অনুযায়ী ইনজেকশন দিতে বলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুটিকে একতা ক্লিনিকে ভর্তি করা হয়। পরে ক্লিনিকের কর্মী, সেবিকা ও সেবক শিশুটির শরীরে ইনজেকশন পুশ করেন। ইনজেকশন দেওয়ার আধা ঘণ্টা পরই সে মারা যায়। এ ঘটনায় মুন্সিগঞ্জ থানায় দায়ের করা মামলায় রিপন বেপারী অভিযোগ করেন, ক্লিনিকের কর্মীরা তাঁর সন্তানকে ভুল ওষুধ দিয়ে হত্যা করেছে।গতকাল রোববার মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে শিশুটিকে দাফন করা হয়েছে। রিপন বেপারীর বাড়ি সদর উপজেলার পানাম গ্রামে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ক্লিনিকের ওই তিন সেবিকা, সেবক ও কর্মী কারও কোনো প্রশিক্ষণ নেই। তাঁরা শিশুটিকে নেবুলাইজার ও ইনজেকশন দিয়েছেন। সঠিকভাবে ইনজেকশন ও নেবুলাইজার দিতে না পারার কারণে শিশুটি মারা গেছে বলে তাঁরা ধারণা করছেন। তিনি বলেন, শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে চিকিৎসক আবদুল মতিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়।