মুন্সিগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ সড়ক অবরোধ
মুন্সিগঞ্জে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার সিপাহীপাড়া চৌরাস্তাসংলগ্ন বিক্রমপুর ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে রোগীর স্বজন ও এলাকাবাসী প্রতিষ্ঠানটিতে ভাঙচুর করেন ও টঙ্গিবাড়ী-সিপাহীপাড়া-ঢাকা সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন।
মারা যাওয়া ওই রোগীর নাম নাদিয়া আক্তার (২২)। তিনি উপজেলার রামপাল ইউনিয়নের সুয়াপাড়া গ্রামের কবির হোসেনের স্ত্রী।
ওই প্রসূতির পরিবার সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টায় নাদিয়া অসুস্থ বোধ করলে তাঁকে ওই ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক সিজারিয়ান অস্ত্রোপচারের পরামর্শ দেন। বেলা ১টার দিকে চিকিৎসক নাজ চৌধুরী নাদিয়ার অস্ত্রোপচার করেন। বেলা সাড়ে ৩টার দিকে নাদিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এরপর নাদিয়ার স্বজনেরা ওই ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রে ভাঙচুর চালান। বিকেল চারটায় এলাকাবাসী ও নাদিয়ার স্বজনেরা সিপাহীপাড়া চৌরাস্তায় টঙ্গিবাড়ী-সিপাহীপাড়া-ঢাকা সড়ক অবরোধ করেন। বিকেল পাঁচটার দিকে পুলিশের হস্তক্ষেপে এলাকাবাসী অবরোধ তুলে নেন।
নাদিয়ার ভাই রিপন বলেন, নাদিয়ার সন্তান প্রসবের দিন ধার্য ছিল ২১ জুলাই। কিন্তু তড়িঘড়ি করে অস্ত্রোপচার করতে গিয়ে ভুল চিকিৎসায় নাদিয়া মারা যায়।
অভিযোগ অস্বীকার করে চিকিৎসক নাজ চৌধুরী দাবি করেন, ভুল চিকিৎসায় নয়, রোগীর মুখে চুইংগাম থাকায় শ্বাসনালি বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। আর অস্ত্রোপচার ঠিকমতো হয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া শিশুও ভালো আছে। রোগীর মুখে চুইংগাম ছিল তা জানালে এমনটা হতো না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামপাল ইউনিয়নের হাতিমারা পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই বিকাশ চন্দ্র সরকার বলেন, রোগীর মৃত্যুর বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।