মুন্সিগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ
মুন্সিগঞ্জে অস্ত্রোপচারে ভুলের কারণে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার মডার্ন ক্লিনিক নামের একটি চিকিৎসাকেন্দ্রে গতকাল রোববার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়া রোগীর নাম মায়া আক্তার (৩০)। এ ঘটনার পরপরই ওই চিকিৎসাকেন্দ্রের মালিক ও কর্মকর্তারা আত্মগোপন করেন। এ ব্যাপারে গতকাল রাতেই মায়ার ভাই সাহাবুদ্দিন বাদী হয়ে সংশ্লিষ্ট চিকিৎসক, চিকিৎসাকেন্দ্রের মালিক, কর্মকর্তা ও দায়িত্বরত ব্যক্তিদের আসামি করে সদর থানায় মামলা করেছেন। রোগীর স্বজনেরা বলেন, গতকাল রোববার বিকেলে প্রসূতি মায়া আক্তারের শরীরে অস্ত্রোপচার করেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ নাসরিন পারভিন। এতে মায়ার একটি সন্তান জন্ম নেয়। কিন্তু অস্ত্রোপচারের পর থেকেই রোগীর জরায়ু দিয়ে রক্তপাত শুরু হয়। রোগীর স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের সময় ভুলবশত রোগীর রগ কেটে ফেলা হয়। রাত সাড়ে আটটার দিকে রোগীকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক নাসরিন পারভিন। ঢাকায় নেওয়ার পথে রাত ১০টায় মারা যান মায়া আক্তার। এদিকে, রোগীর মৃত্যুর খবরে মডার্ন ক্লিনিকে গিয়ে রোগীর স্বজনেরা ভিড় করেন। পরে চিকিৎসক নাসরিন পারভিন পুলিশ পাহারায় চিকিৎসাকেন্দ্র ত্যাগ করার আগে প্রথম আলোকে বলেন, রোগীর রক্তের গ্রুপ এবি নেগেটিভ হওয়ায় রক্ত পাওয়া যাচ্ছিল না। তিনি দাবি করেন, সম্ভবত অন্য কোনো কারণে রোগীর অবস্থার অবনতি হয়।