মুন্সিগঞ্জে মসজিদের সিঁড়িকোঠা থেকে শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার ফিরিঙ্গিবাজার জামে মসজিদের সিঁড়িকোঠা থেকে গতকাল শনিবার মো. আলভি (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ফিরিঙ্গিবাজার আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলে কেজিতে পড়ে। তার বাবার জীবন চৌধুরী একজন ব্যবসায়ী। পুলিশ জানায়, গতকাল বেলা ১১টা থেকে আলভি হঠাৎ নিখোঁজ হয়। পরে বাড়ির পাশে ফিরিঙ্গিবাজার মসজিদের সিঁড়িকোঠা থেকে তার লাশ উদ্ধার করা হয়। জোহরের নামাজ শেষে মুসল্লিরা বাড়ি ফেরার পথে মসজিদের সিঁড়িকোঠায় শিশুটির লাশ দেখতে পায়। এরপর পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। তাকে লাঠি দিয়ে মাথায় ও মুখে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওই লাঠিটি উদ্ধার করা হয়েছে। আলভির মামা আবদুস সাত্তার বলেন, প্রায় ছয় মাস আগে আলভির মেঝো ভাই মো. আশিককে (১১) হত্যা করা হয়। বাড়ির কাজের মেয়ে জিয়াসমিন ও তাঁর প্রেমিক শহীদের মধ্যে অনৈতিক কিছু দেখে ফেলায় তাকে হত্যা করা হয়। এ ঘটনায় আশিকের বাবা জীবন চৌধুরী মামলা করেন। পরে পুলিশ জিয়াসমিন ও শহীদকে গ্রেপ্তার করে। তাঁরা এখন কারাগারে রয়েছেন। আবদুস সাত্তার আরও জানান, আলভি যখন নিখোঁজ হয়, তখন ওই মসজিদের আশপাশে জিয়াসমিনের বাবা দেলোয়ার হোসেন ও তাঁর মা নাসিমাকে লোকজন দেখেছিল। তাই এ হত্যার পেছনে তাঁরা জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।