মুন্সিগঞ্জে মাই টিভির খুলনা ব্যুরো-প্রধানের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মেদেনীমণ্ডল ইউনিয়নের একটি ডোবা থেকে গত বুধবার রাতে মাই টিভির খুলনা ব্যুরো-প্রধান এম এ হাসানের (৫৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিন দিন আগে নিখোঁজ হন এম এ হাসান। পুলিশের ধারণা, সন্ত্রাসীরা তাঁকে হত্যার পর ডোবায় ফেলে পালিয়ে যায়। মাই টিভির বার্তা-প্রধান এহসান আহমেদ নিহত এম এ হাসানের পরিচয় নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, বুধবার রাতে মেদেনীমণ্ডলে ডোবাতে ওই মৃতদেহ পাওয়া যায়। এম এ হাসানের পরনে কেবল একটি পায়জামা ছিল। পায়জামার পকেটে মাই টিভির পরিচয়পত্র পাওয়া গেছে। মৃতদেহটি দীর্ঘ সময় পানিতে পড়ে থাকায় পচে ফুলে গেছে এবং চেহারাও বিকৃত হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের পরিবার সূত্রে জানা যায়, এম এ হাসান ৯ আগস্ট বাড়ি থেকে একটি মাইক্রোবাসে করে চার-পাঁচজনের সঙ্গে ব্যবসায়িক কারণে ঢাকার উদ্দেশে রওনা হন। সঙ্গীদের পরিচয় সম্পর্কে কিছু জানাতে পারেনি পরিবারের সদস্যরা।লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালউদ্দিন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় প্রাথমিকভাবে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।