মুন্সিগঞ্জে শ্বশুরবাড়িতে মারা যাওয়া এক গৃহবধূর স্বজনেরা ও এলাকাবাসী তাঁর মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে এবং এর বিচার চেয়ে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে। তাদের দাবি, গৃহবধূ হালিমা তানজিল ওরফে দীপাকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে একে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে।সংবাদ সম্মেলনে দীপার বাবা আবদুর রহমান বেপারী বলেন, শহরের দক্ষিণ কোর্টগাঁও এলাকার বাসিন্দা মোরশেদ মিয়াজীর সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মোরশেদ যৌতুক দাবি করে আসছেন। তিনি তা দিতে অস্বীকার করায় ক্ষুব্ধ হয়ে মোরশেদ দীপাকে হত্যা করে তাঁর লাশ ফাঁসিতে ঝুলিয়ে দেন। এরপর তিনি দীপা আত্মহত্যা করেছেন বলে প্রচার করেন।গত রোববার শ্বশুরবাড়ি থেকে দীপার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় দিপার বাবা আবদুর রহমান বাদী হয়ে মোরশেদসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন।মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম গতকাল বিকেলে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন এখনো তাঁদের হাতে এসে পৌঁছায়নি।