মুন্সিগঞ্জে মুক্তিযুদ্ধের ভাস্কর্য উদ্বোধন
মুন্সিগঞ্জে গতকাল বৃহস্পতিবার মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অঙ্কুরিত যুদ্ধ ১৯৭১’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। এ উপলক্ষে ভাস্কর্য প্রাঙ্গণ শহরের সুপার মার্কেট চত্বরে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ এক আলোচনা সভার আয়োজন করে। এতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আনিস-উজ-জামানের সভাপতিত্বে তৌফিক-ই-ইলাহী চৌধুরী ছাড়াও বক্তব্য দেন সাংসদ এম ইদ্রিস আলী, মমতাজ বেগম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি মাহবুবউদ্দিন আহম্মেদ বীর বিক্রম, জেলা প্রশাসক মো. আজিজুল আলম, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম প্রমুখ। মুন্সিগঞ্জ পৌরসভার অর্থায়নে ৩২ লাখ টাকা ব্যয়ে ভাস্কর্যটি নির্মাণ করেন চিত্রশিল্পী বিন্দু সরকার। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখা মুন্সিগঞ্জে এটিই মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য। তাই এটির উদ্বোধন ঘিরে জেলা শহর মুন্সিগঞ্জে ভিন্ন রকমের এক উৎসব আমেজ বিরাজ করে। সভায় তৌফিক-ই-ইলাহী চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার বিকাশের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন চালিয়ে যাচ্ছে। স্বাধীনতার এ সুফল প্রতিটি নাগরিক ভোগ করছে। ইতিমধ্যে বিদ্যুতের সংকটের সমাধান হয়েছে। বর্তমান সরকারের এই অগ্রযাত্রা এগিয়ে নিতে সব দেশপ্রেমিক মানুষকে একযোগে কাজ করতে হবে। সভায় যুদ্ধাপরাধীদের বিচার দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের জোর দাবি জানান উপস্থিত মুক্তিযোদ্ধারা।