মুন্সিগঞ্জে যুবক খুন যুবলীগের কর্মী দাবি করে শহরে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ শহর-সংলগ্ন পঞ্চসার ইউনিয়নের একটি ইটখোলার কাছে গতকাল শনিবার রাতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ওমর শিকদার (৩০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানা গেছে।রাত ১০টার দিকে যুবলীগের স্থানীয় নেতা-কর্মীরা ওমরকে তাঁদের সংগঠনের কর্মী দাবি করে শহরে বিক্ষোভ মিছিল করেন।পুলিশ জানায়, ওমরের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি সদর উপজেলার নতুনগাঁও গ্রামের বাসিন্দা।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত সাড়ে নয়টার দিকে পঞ্চসার ইউনিয়নের ইটখোলার সামনে ওমরের সঙ্গে আরিফ ও তার লোকজনের ঝগড়া হয়। একপর্যায়ে আরিফ ধারালো অস্ত্র দিয়ে ওমরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় তাঁকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওমরকে মৃত ঘোষণা করেন।স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চসার ইউনিয়নের নতুনগাঁও, নয়াগাঁও এলাকাসহ আশপাশে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে পার্শ্ববর্তী গণকপাড়ার মাদক ব্যবসায়ী আরিফের সঙ্গে ওমরের বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই ওমর খুন হন।পুলিশ জানায়, ওমর তিন-চার মাস আগে ইয়াবা বড়িসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। মাদকদ্রব্য নিয়ে এর আগে মারামারির ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে। আরিফের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম প্রথম আলোকে গতকাল রাত ১০টার দিকে জানান, আরিফের ধারালো অস্ত্রের আঘাতে ওমর খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।