মুন্সিগঞ্জে যুবকের হাতের ছয়টি আঙুল কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত মঙ্গলবার মুন্সিগঞ্জের চরাঞ্চলের এক গ্রামে শহীদুল ইসলাম ওরফে মামুন (৩৫) নামের এক যুবকের দুই হাতের ছয়টি আঙুল কেটে ফেলেছেন প্রতিপক্ষের সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকাবাসীর অনেকে জানান, সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মৃধা বংশের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর এক পক্ষে শহীদুল ইসলাম এবং অন্য পক্ষে হোসেন, কামাল, জিতু ও জামাল মৃধা নেতৃত্ব দেন। প্রায় এক বছর আগে প্রতিপক্ষের হামলার মুখে শহীদুল গ্রাম থেকে বিতারিত হন। গত সোমবার রাতে শহীদুল তাঁর ছোট বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি আসেন। পরদিন মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিপক্ষের লোকজন শহীদুলকে বাড়ি থেকে ডেকে নির্জন স্থানে নিয়ে তাঁর দুই হাতের ছয়টি আঙুল কেটে ফেলে। এ সময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাঁর বাঁ হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। পরে আত্মীয়স্বজনেরা তাঁকে হাসপাতালে নিয়ে আসেন।
এলাকাবাসী জানান, বিবদমান দুটি পক্ষই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
শহীদুলের আত্মীয় মোহামঞ্চদ হোসেন জানান, শহীদুলের পরিবারের সদস্যরা থানায় মামলা দিতে ভয় পাচ্ছেন। তাঁরা এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দেননি।