মুন্সিগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে সভা পণ্ড, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ শহরে গতকাল শনিবার বিএনপির কার্যালয়ের সামনে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সংগঠনের পথসভা পণ্ড হয়ে গেছে। সংঘর্ষে উভয় পক্ষের সাতজন নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় শহর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সুলতান হোসেন নেতা-কর্মীদের হাতে লাঞ্ছিত হন।প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে জেলা যুবদল আয়োজিত একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত পথসভায় সংগঠনের দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে হঠাত্ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।শহর যুবদলের সভাপতি মোখলেসুর রহমান প্রথম আলোকে জানান, সুলতান হোসেন ও বাবুল মিয়া যুবদলের আগামী সম্মেলনে সভাপতি পদপ্রার্থী। দুজনই নিজেদের লোকজন নিয়ে মিছিলে অংশ নেন। পথসভা চলাকালে দুই পক্ষের মধ্যে হঠাত্ ঝগড়া লেগে যায়। এ ব্যাপারে সুলতান হোসেন ও বাবুল মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।