মুন্সিগঞ্জে যুবলীগের সাবেক নেতা গুলিবিদ্ধ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালী বাজারে গত রোববার রাতে যুবলীগের সাবেক নেতা মো. মোক্তার হোসেন (৪২) গুলিবদ্ধি হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চিত্রকোট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হুদা গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, মোক্তার হোসেন রোববার রাত আটটার দিকে বাজারের একটি হোটেলে বসে ছিলেন। একপর্যায়ে ইউপি সদস্য হেলালের ছেলে লিয়াকত শিকদার সেখানে গিয়ে মোক্তারকে লক্ষ্য করে পিস্তল থেকে পাঁচটি গুলি ছোড়েন। একটি গুলি মোক্তারের বুকে, একটি গলায় ও তিনটি পেটে বিদ্ধ হয়। পরে এলাকাবাসী ও স্বজনেরা মোক্তারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাঁর বাড়ি উপজেলার গোয়ালখালী গ্রামে। মোক্তার ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে ইউপি সদস্য হেলালের এক ছেলে খুন হন। ওই হত্যাকাণ্ডে মোক্তারের হাত রয়েছে বলে সন্দেহ করা হয়। এর জের ধরে মোক্তারের ওপর এই হামলা হয়ে থাকতে পারে। যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে হেলাল ও লিয়াকতের বক্তব্য জানা সম্ভব হয়নি।