মুন্সিগঞ্জে র্যাবের গুলিতে এক ডাকাত আহত গ্রেপ্তার ৩
মুন্সিগঞ্জ সদর উপজেলার যুগনীঘাট এলাকায় গতকাল রোববার বিকেলে র্যাবের গুলিতে শহিদুল ওরফে শইখ্যা (২৮) নামের এক ডাকাত আহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় র্যাব অস্ত্র, গুলিসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া তিন ডাকাত হলেন শহিদুল ওরফে শইখ্যা ডাকাত (২৮), রাসেল (২৫) ও আজিজুল (২১)। তাঁদের বাড়ি মুন্সিগঞ্জের চরকিশোরগঞ্জ এলাকায়। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি দোনালা বন্দুক, একটি একনালা বন্দুক এবং চারটি কার্তুজ ও বন্দুকের দুটি গুলি।র্যাব সূত্রে জানা যায়, ঢাকা থেকে র্যাব-৩-এর একটি দল অস্ত্র কেনার নাম করে ছদ্মবেশে মুন্সিগঞ্জের যুগনীঘাটে যায়। এ সময় অস্ত্র বিক্রেতারা তাঁদের কাছে আসেন। তাঁরা ছদ্মবেশী র্যাব সদস্যদের আঁচ করতে পেরে তাঁদের সঙ্গে থাকা অস্ত্র নিয়ে চ্যালেঞ্জ করেন। এ সময় র্যাবের সদস্যরা গুলি করলে একটি গুলি শহিদুলের বাঁ পায়ের ঊরুতে বিদ্ধ হয়। এতে তিনি মাটিতে পড়ে যান। বাকি দুজনকে জাপটে ধরা হয়। র্যাব জানায়, ওই ডাকাতেরা মেঘনা নদীতে ডাকাতি করে থাকে।