মুন্সিগঞ্জে লুট হওয়া কার্গো বরগুনায় উদ্ধার, আটক ৩
চার শ্রমিককে হত্যা করে মুন্সিগঞ্জ থেকে লুট করে নিয়ে আসা সিমেন্টবোঝাই একটি কার্গো বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ঘাট থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার র্যাব ও পুলিশ অভিযান চালিয়ে এটি উদ্ধার করে।
এ সময় ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে ওই এলাকার বাসিন্দা মহিউদ্দিন পাটোয়ারী (৪৫), জয়নাল পাটোয়ারী (৪০) ও শাহিন পাটোয়ারীকে (৩৭) আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ৪ নভেম্বর সন্ধ্যায় মুন্সিগঞ্জ থেকে সায়মা পরিবহন নামের একটি কার্গো এক হাজার ৭০০ বস্তা সিমেন্ট নিয়ে ভৈরব যাচ্ছিল। রাতে একদল ডাকাত কার্গোতে হামলা চালিয়ে চার শ্রমিককে হত্যা করে নদীতে ফেলে দেয়। তাঁদের মধ্যে নুরু মিয়ার (৪৮) লাশ গত শুক্রবার এবং জাকির হোসেন (৩৫) ও মহিউদ্দিনের (৪৫) লাশ গতকাল দুপুরে মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। আসাদ মিয়া (৩২) নামের অপর একজনের লাশ পাওয়া যায়নি। তাঁদের বাড়ি সাভারের নবীনগর ও মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
কার্গোর মালিক মুন্সিগঞ্জের ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, কার্গোটি ৪ নভেম্বর গভীর রাতে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে যায়। পরদিন সকালে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কার্গোর চার শ্রমিকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কার্গো ও শ্রমিকদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ৭ নভেম্বর তিনি মুন্সিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ ও র্যাব সূত্রে জানা গেছে, কার্গোটি শুক্রবার গভীর রাতে তালতলী উপজেলার পচাকোড়ালিয়া এলাকার পায়রা নদীতে নোঙর করে। পরে কার্গো থেকে সিমেন্টের বস্তাগুলো নামিয়ে পচাকোড়ালিয়া বাজারের জয়নাল পাটোয়ারীর ঘরে মজুত করা হয়। গতকাল সকালে পুলিশ ও র্যাবের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে কার্গোটি উদ্ধার ও সিমেন্টের বেশ কিছু বস্তা জব্দ করেন।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন হাসিবুল হক প্রথম আলোকে জানান, তিন ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করে জিজ্ঞাসাবাদের পর তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার মূল হোতা নসুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, জব্দ করা সিমেন্ট তালতলী থানায় নিয়ে আসা হয়েছে। মুন্সিগঞ্জ থানার পুলিশ এখানে এসে জব্দ করা মালামাল নিয়ে যাবে।