মুন্সিগঞ্জে শিশু তৌকির হত্যার ঘটনায় পাঁচ আসামি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার ফুলতলা গ্রামের শিশু আবু তৌকিরকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচজনকে গত বৃহস্পতিবার রিমান্ডে নেওয়া হয়েছে। মুন্সিগঞ্জ সদর থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার পাঁচজনকে মুন্সিগঞ্জের মুখ্য বিচারিক হাকিম রবিউল আলমের আদালতে হাজির করে পাঁচ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও মুন্সিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আহসান উল হক প্রথম আলোকে জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। হত্যাকাণ্ডে পাঁচজনের মধ্যে রবিউল প্রধানের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। রিমান্ডে থাকা অন্য চারজন হলেন আবুল হোসেন, আনা খান, ময়না প্রধান ও হান্নান বেপারি। এদিকে তৌকিরের লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। টরকী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র তৌকির গত মঙ্গলবার ফুলতলা গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হয়। গত বৃহস্পতিবার গ্রামের একটি গোবরের স্তূপের নিচ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।