মুন্সিগঞ্জে শিশুকে কুপিয়ে হত্যা, একজন গ্রেপ্তার
মুন্সিগঞ্জের সদর উপজেলায় গতকাল মঙ্গলবার নয় বছরের শিশু ইমরান মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ মাহাবুব (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বর্ণনামতে, ইমরান উপজেলার মিরকাদিম পৌরসভার এনায়েতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ত। প্রতিদিনের মতো গতকাল সকাল নয়টার দিকে ইমরান পাশের বাড়িতে শিক্ষকের কাছে পড়তে যায়। সেখানে আরও কয়েকটি শিশু পড়ছিল। আকস্মিক হাতে বঁটি নিয়ে মাহাবুব এসে ইমরানকে কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই ইমরান মারা যায়।মাহাবুব আচার বিক্রি করে। নিহত ইমরানের বাবা ইউসুফ বেপারীও আচার বিক্রেতা। এ ঘটনায় ইউসুফ বেপারী বাদী হয়ে মাহাবুবকে আসামি করে মুন্সিগঞ্জ থানায় মামলা করেছেন। এজাহারে উল্লেখ করা হয়, জমি নিয়ে মাহাবুবদের সঙ্গে তাঁর (বাদী) বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে ইমরানকে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, ইমরানের মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশ রক্তমাখা বঁটি জব্দ করেছে।পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে মাহাবুব স্বীকার করেছেন, ইউসুফ বেপারীর কাছে তিনি ১৫ হাজার টাকা পান। টাকা না দেওয়ায় তিনি ইমরানকে হত্যা করেন।তবে ইমরানের চাচা বিপ্লব বলেন, জমি নিয়ে ইউসুফ মিয়া ও মাসুদা বেগমদের সঙ্গে পাশের এক ব্যক্তির বিরোধ চলছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা করা হয়। মামলায় মাসুদা বেগমের পক্ষে রায় হয়। মাহাবুব জমির কোনো অংশীদার নন। তিনি সেই ব্যক্তির পক্ষ নিয়ে ইমরানকে কুপিয়ে হত্যা করেন।ইউসুফ বেপারী বলেন, ‘আমি ছেলের হত্যাকারীর দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।’সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, জমি নিয়ে বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।