মুন্সিগঞ্জে সন্ত্রাসীদের গুলি ও গণপিটুনি, দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখেরনগর ইউনিয়নের ফৌনপুর গ্রামে গতকাল শুক্রবার রাতে সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি এবং গ্রামবাসীর পিটুনিতে এক সন্ত্রাসী নিহত হয়েছে।সন্ত্রাসীদের গুলিতে আহত ফারুককে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গণপিটুনিতে জুয়েল (২২) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। আর সালাম (৩৩) নামের এক ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে গ্রামবাসী।গ্রামবাসী সূত্র জানায়, রাত সাতটার দিকে ফৌনপুর গ্রামের নিজ বাড়ির পাশে একটি চা দোকানে চা খেতে যান ফারুক। জুয়েলসহ সাত-আটজন সন্ত্রাসী আগে থেকেই সেখানে অবস্থান করছিল। ফারুক দোকানের সামনে যাওয়ার পর তারা তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি চালায়। গুলিতে ফারুক মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় দোকানদারের চিৎকারে ও গুলির শব্দে গ্রামবাসী এগিয়ে আসে। পরে তারা ধাওয়া করে জুয়েল ও সালাম নামের দুই সন্ত্রাসীকে আটক করে। জনতার পিটুনিতে জুয়েল ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ সালামকে উদ্ধার করে। তাকে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গ্রামবাসী সূত্র জানায়, বাকি সন্ত্রাসীরা ঢাকার নবাবগঞ্জের দিকে পালিয়ে যায়। সিরাজদিখান থানার পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে তিনটি পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহবুবুর রহমান সন্ত্রাসীদের গুলিতে একজন এবং গ্রামবাসীর পিটুনিতে একজনের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। রাত একটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।সূত্র জানায়, ফারুক বাহরাইনপ্রবাসী ছিলেন। ২০ দিন আগে তিনি দেশে আসেন। ফারুকের আত্মীয় মিজানুর রহমান ও বোন আকলিমা জানান, আবদুল আজিজ নামের এক ব্যক্তিকে এক বছর আগে বাইরাইন নিয়েছিলেন ফারুক। নয় মাস আগে তিনি স্বেচ্ছায় দেশে ফেরত আসেন। কিন্তু আবদুল আজিজ এ জন্য ফারুককে দোষারোপ করেন এবং বাহরাইন যাওয়ার জন্য যে টাকা খরচ হয়েছে, তা দাবি করেন ফারুকের কাছে। ফারুক দেশে আসার পরও আাাবদুল আজিজ মুঠোফোনে টাকার জন্য তাকে হুমকি দেয়। তাঁরা জানান, আবদুল আজিজের বাড়ি ঢাকার নবাবগঞ্জে।