মুন্সিগঞ্জে সরকারি গুদামের চাল পাওয়া যাচ্ছে আড়তে!
দেশের ধান ও চালের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা মুন্সিগঞ্জের সদর উপজেলার রিকাবীবাজার, ফিরিঙ্গিবাজার ও কমলাঘাট। এখানে রয়েছে অসংখ্য চালের আড়ত ও গুদাম। সরকারি গুদামের চাল এসব আড়তে পাওয়া যাচ্ছে। গতকাল শুক্রবার দুপুরে ফিরিঙ্গিবাজারের নিউ মিলন ট্রেডার্স থেকে ৫০ টন সরকারি চাল আটক করেছে কোস্টগার্ড।গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে নির্বাহী হাকিম পুর্শিয়া আক্তার ও পুলিশের উপস্থিতিতে এ চালের আড়তের তালা ভেঙে চার হাজার বস্তা চাল পাওয়া যায়। তবে এর মধ্যে ৫০ কেজি ওজনের এক হাজার ১৪ বস্তা চাল ছিল খাদ্য মন্ত্রণালয়ের সিল করা। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এই আড়তে চালের বস্তাগুলো পরিবর্তন করা হচ্ছিল। কোস্টগার্ড সেই নমুনাও জব্দ করেছে। পরে এক হাজার ১৪ বস্তা চাল জব্দ করে আড়তটি সিলগালা করা হয়। এ ব্যাপারে নারায়ণগঞ্জের পাগলা ক্যাম্পের কোস্টগার্ডের কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। এতে আসামি করা হয়েছে প্রতিষ্ঠানের মালিক শেখ আহম্মেদ হোসেনকে। ঘটনার পর থেকে মালিক পলাতক। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ধলেশ্বরী নদী থেকে দুটি ট্রলারসহ ৮০০ বস্তা (৫০ কেজির বস্তা) সরকারি চাল আটক করে কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ডের সদস্যদের তিন লাখ ১০ হাজার টাকা ঘুষ দিতে চাইলে সেই টাকাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। কোস্টগার্ড জানায়, চালগুলো নারায়ণগঞ্জের সরকারি গুদাম থেকে মুন্সিগঞ্জের ফিরিঙ্গিবাজারে যাচ্ছিল। গ্রেপ্তার হওয়া আনোয়ার হোসেন (৪৫) ও শহীদুল্লাহ (৩৫) কারাগারে রয়েছেন। কোস্টগার্ড জানায়, সরকারি চাল এভাবে বাজারজাতের সঙ্গে একটি চক্র কাজ করছে। মুন্সিগঞ্জ থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক সুলতান আহমেদ জানান, আগের আটক করা ৮০০ বস্তা চাল নারায়ণগঞ্জের খাদ্যগুদাম থেকে আনা হয়েছিল। এখন যে বস্তাগুলো আটক করা হয়েছে, সেগুলো কোন গুদামের তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, চালগুলো নারায়ণগঞ্জের খাদ্যগুদামের। তবে এসব চাল যদি টিআর, কাবিটার হতো আর আড়তের মালিক কিনে থাকতেন, তাঁর সঙ্গে কেনার রসিদ ও কাগজপত্র থাকত। যদি তাঁরা সঠিক থাকতেন, তাহলে ঘুষ দিতে চাইবেন কেন। এ কারণেই তাঁদের সন্দেহ করা হচ্ছে। মিলন ট্রেডার্সের মালিক পালিয়ে গেছেন। তাঁর কাছে প্রয়োজনীয় কাগজ থাকলে তিনি পালাতেন না। দুটি ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত চলছে। এ ঘটনার সঙ্গে কোনো চক্র জড়িত কি না, তা খুঁজে দেখা হচ্ছে। সূত্র জানায়, ফিরিঙ্গিবাজার, রিকাবীবাজার ও কমলাঘাটে চালের অনেক আড়ত রয়েছে। ম্যাজিস্ট্রেট ও পুলিশ আড়ত ও গুদামগুলোতে তল্লাশি চালালে সরকারি চাল আরও মিলতে পারে। দুই দফা চাল পাওয়ার পরে এমন সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।