মুন্সিগঞ্জে সরকারি জমিতে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ শহরে সরকারি জমিতে বহুতল মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার শহরের খালইস্ট এলাকায় নির্মিত জি এস সিটি সেন্টারের পাশে এই মানববন্ধন হয়। পরে এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেয়। স্মারকলিপিতে বলা হয়, খালইস্ট এলাকায় সরকারের কাছ থেকে লিজ নেওয়া জায়গায় বহুতল মার্কেট গড়ে ওঠায় সেখানকার ৩৫টি পরিবারের চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। ভুক্তভোগী পরিবারগুলোকে এ কারণে মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে। তাই তারা মার্কেট অপসারণ করে সেখানে সড়ক নির্মাণের দাবি জানায়। তাদের অভিযোগ, যে স্থানে পাঁচ তলাবিশিষ্ট জে এস সিটি সেন্টার নির্মাণ করা হয়েছে সেখানকার ২২ শতাংশ জমি অর্পিত সম্পত্তিভুক্ত। ওই জমি স্থানীয় হাসিনা বেগম লিজ নিলেও বর্তমানে তাঁর ছেলে মেজর (অব.) রাকিবুল হাসান খান এর দেখাশোনা করছেন। রাকিবুল হাসান লিজ নেওয়া জায়গায় বহুতল ভবন নির্মাণ করলেও সরকারের পক্ষ থেকে বাধা দেওয়া হয়নি। এ ব্যাপারে রাকিবুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।