নিষিদ্ধ সময়ে ইলিশ ধরায় গত তিন দিনে মুন্সিগঞ্জে সাত জেলেকে আটক করে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া জরিমানা করা হয়েছে দুই হাজার ৬০০ টাকা। ইলিশ মাছ জব্দ করা হয়েছে ৩১ কেজি।
জেলার পদ্মা ও মেঘনা নদী থেকে এক লাখ ৭৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন মৎস্য কর্মকর্তারা। গত বুধবার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত চলা এসব অভিযানে মামলা করা হয়েছে আটটি।
দণ্ড পাওয়া জেলেরা হলেন মো. শওকত হোসেন (৪০), নওয়াব মাতব্বর (২২), মো. জুলহাস মোল্লা (৩২), মো. করিম বাদশা (১৯), মো. সিরাজ সরদার (৪০), মো. নাসির উদ্দিন মোল্লা (২৯) ও মো. শহীদুল ইসলাম (১৮)। তাঁদের মধ্যে শওকতকে মুন্সিগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীর বকচর থেকে আটক করা হয়। বাকি ছয়জনকে লৌহজং উপজেলার কনকসারে পদ্মা নদী থেকে আটক করা হয়। পরে তাঁদের নির্বাহী হাকিমের উপস্থিতিতে জেল ও জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, ১৩ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছের প্রজনন ও সংরক্ষণ বৃদ্ধির জন্য এই সময়ের মধ্যে ইলিশ ধরা, বিক্রি, মজুত, পরিবহন ও বাজারজাত নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্যকারী জেলেদের আটক করে দণ্ড দেওয়া হয়েছে। অভিযানে মৎস্য কর্মকর্তাদের সঙ্গে কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা অংশ নিয়েছেন।
এদিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে কমপক্ষে ছয় শতাধিক অবৈধ কারখানায় কারেন্ট জাল তৈরি অব্যাহত রয়েছে।