মুন্সিগঞ্জের সদর উপজেলার চরমুক্তারপুরে অ্যামিরেটস সিমেন্ট কারখানায় ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠার দাবিতে শ্রমিকেরা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন। গত শনিবার থেকে এই কর্মসূচি শুরু হয়।শ্রমিকেরা বলেন, ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠার দাবিতে তাঁরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। ২০০৯ সালের ২৪ মে শ্রম অধিদপ্তরের যুগ্ম শ্রম পরিচালক তাঁদের ট্রেড ইউনিয়নের অনুমোদন দেন। এর বিপরীতে কারখানা কর্তৃপক্ষ উচ্চ আদালতে রিট করেন। আদালত ট্রেড ইউনিয়ন নিবন্ধনের স্থগিতাদেশ প্রদান করেন। ট্রেড ইউনিয়নের দাবিতে শনিবার থেকে তাঁরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন। উদ্ভূত পরিস্থিতিতে বিষয়টি মীমাংসার জন্য জেলা প্রশাসক মো. আজিজুল আলম তাঁর কার্যালয়ে গতকাল অ্যামিরেটস কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। কিন্তু বৈঠকে কোনো সমাধান হয়নি। এ ব্যাপারে শ্রমিকেরা সন্ধ্যায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। দাবি না মানা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে এবং আজ থেকে গণ-অনশনের কর্মসূচি পালন করার ঘোষণা দেন তাঁরা।