মুন্সিগঞ্জে সেতুর রেলিং ভেঙে ট্রাক নিচে পড়ে নিহত চার
মুন্সিগঞ্জে সেতুর রেলিং ভেঙে একটি ট্রাক নিচে পড়ে গেলে এক শিশুসহ চার শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলার মুক্তারপুরে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের আলীগঞ্জ থেকে বালু বোঝাই করে ট্রাকটি মুন্সিগঞ্জে যাচ্ছিল। দুপুর সোয়া একটার দিকে ষষ্ঠ চীন-বাংলাদেশ মৈত্রী সেতু (মুক্তারপুর সেতু) পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এরই মধ্যে ধলেশ্বরী নদী পার হওয়ায় ট্রাকটি সেতুর মুন্সিগঞ্জ অংশের নদীর পাড়ের ওপর পড়ে। ঘটনাস্থলেই নিহত হয় বর্ষা (২), ট্রাকশ্রমিক রিপন (৩০) ও সাইদুল (৩১)। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি।এ ঘটনায় বর্ষার বাবা ট্রাকশ্রমিক শামীম, আহসান ও চালক সাইদুল (সাকু) গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ এসে এলাকাবাসীর সহযোগিতায় হতাহত ব্যক্তিদের উদ্ধার করে। আহত ব্যক্তিদের প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। হতাহত ব্যক্তিদের সবাই নারায়ণগঞ্জের আলীগঞ্জে বসবাস করেন এবং সবারই গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়।হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক শামীম জানান, তিনি মুন্সিগঞ্জের মুক্তারপুরে নানি বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য মেয়েকে নিয়ে আসছিলেন। তিনি মেয়েকে নিয়ে চালকের পাশে বসেছিলেন। বাকি শ্রমিকেরা ট্রাকের ওপর ছিলেন।মুন্সিগঞ্জ সদর থানার উপপরিদর্শক মিজান জানান, নিহত ব্যক্তিদের লাশের সুরতহাল করা হয়েছে। তাদের পরিবারের লোকজনের কাছে লাশ তুলে দেওয়া হবে।