মুন্সিগঞ্জে স্কুলছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ
মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভায় নগরকসাবা এলাকার স্কুলছাত্র ইমরানের হত্যাকারীর ফাঁসির দাবিতে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল করা হয়েছে।পৌরসভার এনায়েতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা সকাল ১০টার দিকে এনায়েতনগর এলাকায় বিক্ষোভ মিছিল করেন। পরে তাঁরা সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তারা বলেন, ইমরানের হত্যাকারীকে ফাঁসি দিতে হবে। মুন্সিগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনের সাংসদ এম ইদ্রিস আলী গতকাল বিকেলে স্থানীয় মিরকাদিম মাঠে এক শোকসভায় উপস্থিত হলে ইমরানের দাদি মাসুদা বেগম ও পরিবারের সদস্যরা সেখানে তাঁর সঙ্গে দেখা করেন। তাঁরা ইমরানের হত্যাকারী ও এই হত্যা পরিকল্পনায় জড়িত অন্য ব্যক্তিদের শাস্তির দাবি জানান।নিহত ইমরানের দাদি মাসুদা বেগম বলেন, সাংসদ সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। সাংসদ মুন্সিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলামকে বিষয়টি দেখার জন্য নির্দেশ দেন।ইমরান এনায়েতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। গত মঙ্গলবার সকালে মাহবুব নামের প্রতিবেশী এক যুবক বঁটি দিয়ে কুপিয়ে ইমরানকে হত্যা করে। এ ঘটনায় ওই দিনই মুন্সিগঞ্জ থানায় মাহবুবকে আসামি করে মামলা করা হয়। পরে মাহবুবকে গ্রেপ্তার করে পুলিশ।সাংসদের নির্দেশের সত্যতা নিশ্চিত করে ওসি শহীদুল ইসলাম বলেন, মামলার তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এর পেছনে অন্য কারও হাত আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।