মুন্সিগঞ্জে স্কুলছাত্রকে শ্বাস রোধ করে হত্যা
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ফিরিঙ্গিবাজার এলাকায় স্কুলছাত্র আশিক চৌধুরীকে (১০) শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে সাবেক ইউপি চেয়ারম্যান রহমতউল্লাহর দ্বিতল ভবনের নিচতলার বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার সাতগঞ্জ গ্রামের জীবন চৌধুরী ব্যবসায়িক কারণে দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জে বসবাস করে আসছিলেন। গত বৃহস্পতিবার রাতে তারাবির নামাজের কথা বলে আশিক বের হয়। রাত ১২টার দিকে রহমতউল্লাহর বাড়ির বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। আশিক চৌধুরী সম্পর্কে রহমতউল্লাহর ভাগ্নে। গতকাল শুক্রবার আশিকের লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে ফিরিঙ্গিবাজারে কবরস্থানে দাফন করা হয়েছে। আশিক বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল।সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, আশিকের নিহত হওয়ার ঘটনায় তার বাবা জীবন চৌধুরী বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। তবে কে বা কারা হত্যা করে লাশ বাথরুমে ফেলে রাখে তা জানা যায়নি।