মুন্সিগঞ্জে স্কুলছাত্রীসহ দুজনকে হত্যা
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মিম নামের এক স্কুলছাত্রীর লাশ গত রোববার উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ধর্ষণ শেষে তাকে হত্যা করা হয়। একই দিন উপজেলার বালিগাঁও এলাকার একটি খাল থেকে বাচ্চু শিকদার নামের এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা বাচ্চুর দুটি চোখ উপড়ে ফেলে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার সকাল আটটার দিকে দক্ষিণ চারিগাঁও আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে মিমের (১১) লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, ধর্ষণ শেষে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়। মিম দক্ষিণ চারিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। তাঁর বাবা দিনমজুর।নাম প্রকাশ না করার সূত্রে এলাকার এক ব্যক্তি প্রথম আলোকে বলেন, স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তির বখাটে ছেলে মিমকে ধর্ষণ শেষে হত্যা করে।এদিকে রোববার সকালে বালিগাঁও এলাকায় বড়মোকাজ বাজারের কাছে খাল থেকে বাচ্চু শিকদারের (৬০) লাশ উদ্ধার করে পুলিশ। পারিবারিক সূত্রে জানা গেছে, বাচ্চুকে গত বৃহস্পতিবার অপহরণ করা হয়। পরে তাঁকে হত্যা করা হয়। তাঁর বাড়ি হারিদিয়া গ্রামে। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান প্রথম আলোকে জানান, দুটি ঘটনায় পৃথক মামলা হয়েছে।