মুন্সিগঞ্জে স্পিডবোটডুবি, ১১ যাত্রী উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে ১১ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে গেছে। তবে এতে কোনো হতাহত হওয়ার ঘটনা ঘটেনি। আজ বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাত্রী আবদুর রহমান জানান, তিনি ওই স্পিডবোটে ছিলেন। ঘাটের লোকদের ফাঁকি দিয়ে লাইফজ্যাকেট না নিয়ে স্পিডবোটটি দ্রুতগতিতে ঘাট ছেড়ে যায়। পথে কাওড়াকান্দি থেকে ছেড়ে আসা রানীখেত নামে একটি ফেরির সঙ্গে স্পিডবোটটির সংঘর্ষ হয়।
আবদুর রহমানের ভাষ্য, সংঘর্ষের পরে তিনি ফেরির নিচের দিকে তলিয়ে যাচ্ছিলেন। ভাগ্যক্রমে সেখান থেকে বেঁচে ফিরে আসেন।
মাওয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) খালিদ আহমেদ জানান, স্পিডবোটটি ডুবে গেছে। তবে ১১ জন যাত্রীকেই জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।