মুন্সিগঞ্জে স্বদেশ গবেষণা কেন্দ্রের যাত্রা শুরু
মুন্সিগঞ্জে ‘জ্ঞানপীঠ’ স্বদেশ গবেষণা কেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় দেশের ব্যতিক্রমধর্মী এ প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন এই কেন্দ্রটি প্রতিষ্ঠা করেছে।
উদ্বোধন উপলক্ষে শহরের মালপাড়ায় দোতলা একটি ভবনের নিচতলার সভাকক্ষে ফাউন্ডেশনের সভাপতি নূহ-উল-আলম লেনিনের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অন্যদের মধ্যে বিএমএর সাবেক সভাপতি অধ্যাপক রশিদ-ই-মাহবুব, বাংলাদেশ ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক আশা ইসলাম নাঈম, জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক সুফী মোস্তাফিজুর রহমান প্রমুখ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, অগ্রসর বিক্রমপুর মুন্সিগঞ্জের পথযাত্রীই শুধু নয়, বাংলাদেশের অগ্রযাত্রীর বীজ বহন করছে।