মুন্সিগঞ্জে স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার উত্তর-পশ্চিম কামারগাঁও এলাকায় স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ ওই দম্পতির লাশ উদ্ধার করে। তাঁরা হলেন তিনাজউদ্দিন (৭৫) ও তাঁর স্ত্রী কদবানু (৬৫)। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে ওই দম্পতির ঘরের দরজার নিচ থেকে রক্ত বের হতে দেখে আশপাশের লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘরের ভেতরে থাকা চৌকির ওপর থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, বুধবার গভীর রাতে ঘরের সিঁধ কেটে ভেতরে ঢুকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের গলা কেটে হত্যা করে। দুজনেরই শ্বাসনালি কাটা অবস্থায় পাওয়া গেছে। নিহত দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহামান বলেন, এ ঘটনায় ওই দম্পতির ছেলে গতকাল দুপুরে মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।