মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঢাকা কলেজের এক ছাত্রের মৃত্যু
মোটরসাইকেল চালিয়ে দাদা-দাদির সঙ্গে দেখা করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ঢাকা কলেজের ছাত্র জহিরুল ইসলাম (১৮)। গতকাল মঙ্গলবার মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী যাওয়ার পথে সিরাজদিখান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।পুলিশ ও নিহত জহিরুলের পারিবারিক সূত্র জানায়, ঢাকা কলেজের প্রথম বর্ষের মানবিক শাখার ছাত্র জহিরুল ইসলাম মা-বাবার সঙ্গে রাজধানীর শান্তিনগরে থাকতেন। তিন দিন আগে কেনা মোটরসাইকেল চালিয়ে গতকাল সকালে গ্রামের বাড়ি টঙ্গিবাড়ীর রৌশনিয়ায় গ্রামের বাড়িতে দাদা-দাদিকে দেখতে যাচ্ছিলেন। সকাল নয়টার দিকে সিরাজদিখানের রৌশনিয়া টানা ব্রিজের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই একটি ট্রাক জহিরুলের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। মোটরসাইকেলটি চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যান। পথচারীরা জহিরুলের পকেটে পাওয়া ফোন নম্বরে যোগাযোগ করলে তাঁর চাচা আলমগীর হোসেন গ্রামের বাড়ি থেকে দ্রুত ঘটনাস্থলে আসেন। পরে রক্তাক্ত অবস্থায় জহিরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, জহিরুলকে মৃত অবস্থায় আনা হয়েছে।