মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে আজ শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন।
ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগরের হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. হাসানের ভাষ্য, সকাল সোয়া আটটার দিকে ঢাকা থেকে আপন পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে লৌহজংয়ে শিমুলিয়া ঘাটের দিকে যাচ্ছিল। মহাসড়কের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় বাসের সামনের ডানদিকের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পাশের খাদে গিয়ে পড়ে। দুর্ঘটনায় আহত ২০-২১ জন যাত্রীকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে গুরুতর আহত একজন অজ্ঞাতনামা যুবক (২৫) মারা যান। দুর্ঘটনাকবলিত বাসটি টেনে তোলার চেষ্টা হচ্ছে।

মো. হাসানের তথ্যমতে, বেলা সাড়ে ১১টার দিকে লৌহজং উপজেলায় শিমুলিয়া ফেরিঘাটে একটি মালবাহী ট্রাক ফেরিতে ওঠার সময় সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী (৩০) ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ট্রাকটি আটক করেছে। আরোহীর নাম-পরিচয় জানা যায়নি।
ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগরের হাইওয়ে পুলিশ ফাড়ির সার্জেন্ট মো. হাসানের ভাষ্য, দুটি ঘটনায় দুজন মারা গেছেন। বাস ও ট্রাক দুটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে।