সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মাইক্রোবাসের চালক ও ওই পরিবারের গৃহ পরিচারিকা। আজ রোববার দুপুরে উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের কেয়টখালী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন।
নিহতরা হলেন, আজহার মৃধা (৫৭), তাঁর স্ত্রী সুফিয়া বেগম (৫০) এবং আজহারের বোন রহিমা বেগম (৫০)। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতরা সবাই মাইক্রোবাসে ছিলেন।
পুলিশ জানায়, আজ দুপুর ১২টার দিকে ঢাকা থেকে মাওয়াগামী স্বাধীন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান সুফিয়া। গুরুতর আহত অবস্থায় আজহার ও তাঁর বোন রহিমাকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। ঘটনার পর ক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বেলা একটার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
শ্রীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সামছুজ্জামান সাংবাদিকদের বলেন, বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।