মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় হেমায়েতসহ নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খানবাড়ী এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে গতকাল শনিবার জিপ ও বাসের মুখোমুখি সংঘর্ষে সাবেক সাংসদ বিএনপির নেতা হেমায়েত উল্লাহ আওরঙ্গ নিহত হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে গাড়িতে থাকা বিএনপি ও অঙ্গসংগঠনের আরও পাঁচজন নিহত হন।দুর্ঘটনায় নিহত অন্যরা হলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক ডামুড্যা উপজেলার আতলাকুড়ি গ্রামের জামাল উদ্দিন মুন্সী, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ভেদরগঞ্জ উপজেলার পুটিয়া গ্রামের হযরত আলী, গোসাইরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ধিপুর গ্রামের নূর উদ্দিন, কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক নুরুজ্জামান, ডামুড্যা উপজেলা যুবদলের সহসভাপতি পূর্ব ডামুড্যা গ্রামের ইয়াছিন হালদার। দুর্ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে জিপচালক জালালের অবস্থা গুরুতর।দুর্ঘটনার খবর পেয়ে হেমায়েত উল্লাহর স্ত্রী তাহমিনা খান সন্তানদের নিয়ে দ্রুত মুন্সিগঞ্জের শ্রীনগর থানায় আসেন। হেমায়েত উল্লাহর ছোট ভাই শহীদ খান বলেন, ‘তাঁর ভাই বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। নির্বাচনী এলাকা শরীয়তপুর-১ আসনের পূর্ব ডামুড্যায় স্থানীয় বিএনপির একটি ইফতার অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে শরীয়তপুরে আসছিলেন হেমায়েত উল্লাহ। বিকেল চারটার দিকে আমরা সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যুর খবর পাই। তাঁর মৃতদেহ রাজধানীর কাঁঠালবাগানের বাসভবনে নেওয়া হয়েছে।’মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে নির্বাচনী এলাকায় যাচ্ছিলেন হেমায়েত উল্লাহ। বেলা সাড়ে তিনটার দিকে হেমায়েতের পাজেরো জিপটি খানবাড়ী এলাকায় পৌঁছলে জিপের পেছনের একটি চাকা ক্ষতিগ্রস্ত হয়। বাতাস বের হয়ে চাকা বসে যাওয়ায় জিপ নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা গাঙচিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সামনে গিয়ে পড়ে। বাসের আঘাতে জিপের বাঁ পাশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই সাবেক সাংসদ আওরঙ্গসহ চারজন নিহত হন। শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান নূর উদ্দিন। আর ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মারা যান নুরুজ্জামান। দুর্ঘটনার কারণে ঢাকা-মাওয়া মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, শ্রীনগর থানায় আওরঙ্গসহ অন্যদের মৃতদেহ রাখা হয়েছে। পরে স্বজনেরা এসে তাঁদের শনাক্ত করেন। তিনি বলেন, সাবেক সাংসদের জিপে গাড়িচালকসহ সাতজন ছিলেন। বেঁচে যাওয়া একমাত্র গাড়িচালক জালাল গুরুতর আহত হন। বাসের যাত্রীদের মধ্যে পাঁচজন সামান্য আহত হন। তাঁদের নাম জানা যায়নি।হেমায়েত উল্লাহ শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দক্ষিণ ডামুড্যা গ্রামের হাবিব উল্লাহ খানের ছেলে। তিনি ১৯৯১ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে শরীয়তপুর-১ (সদর-জাজিরা) আসন থেকে সাংসদ নির্বাচিত হন। ২০০১ সালে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই আসন থেকে সাংসদ নির্বাচিত হন। পরে ২০০৫ সালে বিএনপিতে যোগ দেন। ২০০৮ সালের নির্বাচনে শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইহাট-ভেদরগঞ্জের আংশিক) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে পরাজিত হন।সড়ক দুর্ঘটনায় হেমায়েত উল্লাহর মৃত্যুতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন। এর আগে গত ২৭ জুলাই ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী এলাকায় সড়ক দুর্ঘটনায় বরগুনা-২ আসনের সাংসদ গোলাম সবুর (৫৫) নিহত হন।