মুন্সিগঞ্জে সড়কের গাছ কাটা বন্ধ রাখার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিপাহিপাড়া-দীঘিরপাড় সড়কের মুন্সিগঞ্জের সদর উপজেলার ধলাগাঁও বাজার থেকে ইউরোপা হিমাগার পর্যন্ত প্রায় চার কিলোমিটারে গাছ কাটা বন্ধ করা হয়েছে। গত সোমবার জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল গাছ কাটা বন্ধ রাখার নির্দেশ দেন। পাশাপাশি তিনি এ বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির প্রধান হচ্ছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম শওকত আলম মজুমদার।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, তদন্ত কমিটির তিন সদস্য ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কাটার প্রমাণ পেয়েছেন। তাঁরা এ সময় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গাছ না কাটার জন্য উপস্থিত ঠিকাদারদের নির্দেশ দেন। সোমবার প্রথম আলোতে ঢাকা-সিপাহিপাড়া-দীঘিরপাড় সড়কের গাছ কাটার বিষয়ে ‘চার কিলোমিটারের সব গাছ কেটে ফেলা হচ্ছে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন পড়ে জেলা প্রশাসক গাছ কাটা বন্ধ রাখার নির্দেশ দেন। একই দিন জেলা প্রশাসন গাছ কাটা বন্ধ রাখার বিষয়টি পরিবেশ ও বন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের চিঠি দিয়ে জানায়।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম শওকত আলম জানান, গাছ কাটার খবর প্রথম আলোর মাধ্যমে জানতে পেরে জেলা প্রশাসকের নির্দেশক্রমে আগে গাছ কাটা বন্ধ করা হয়। এরপর তদন্ত কমিটির প্রধান হিসেবে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশের লোকজনের সঙ্গে গাছ কাটার বিষয়ে কথা বলেন।
টঙ্গিবাড়ীতেও সড়কের গাছ কাটা হচ্ছে: এলাকাবাসী সূত্রে জানা গেছে, টঙ্গিবাড়ী উপজেলায়ও টঙ্গিবাড়ী-কামারখারা সড়কের মালদা থেকে কামারখারা পর্যন্ত এক কিলোমিটারের সব গাছ কেটে ফেলা হচ্ছে। বন বিভাগের দরপত্রে অংশ নেওয়া ঠিকাদারেরা গাছগুলো কাটছেন।