মুন্সিগঞ্জে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় একটি হত্যা মামলায় দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে অপর দুই যুবকের। গতকাল রোববার মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শওকত আলী চৌধুরী এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই যুবক হলেন রিপন খান (২৮) ও শামীম (২৬)। আর যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন জালাল মিজি (২৬) ও মঞ্জিল (২৫)। এ চারজনের মধ্যে মঞ্জিল পলাতক। অপর তিনজনের উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।
মামলার বিবরণ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৯ সালের মার্চে গজারিয়ার ইমামপুর ইউনিয়নের জষ্টিতলা গ্রামে প্রেমসংক্রান্ত ঘটনার জেরে রিয়াজ নামের এক যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় রিয়াজের বাবা গজারিয়া থানায় মামলা করেন।
সরকারি কৌঁসুলি আবদুল মতিন বলেন, ওই মামলায় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দুজনকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক।