মুন্সিগঞ্জে হুইপের বিরুদ্ধে প্রচারপত্র বিলির প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ-২ আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলির বিরুদ্ধে প্রচারপত্র বিলির প্রতিবাদে গতকাল শনিবার সকালে টঙ্গিবাড়ী উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।মিছিলে যুদ্ধাপরাধী, জামায়াত এবং টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কাজী ওয়াহিদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। টঙ্গিবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রংমেহের বিক্রমপুর টঙ্গিবাড়ী কলেজে গিয়ে শেষ হয়।এর আগে টঙ্গিবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন, আবদুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আবদুর রহিম প্রমুখ। বক্তারা বলেন, গোলাম আযমকে গ্রেপ্তারের পরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার সাগুফতা ইয়াসমিনের বিরুদ্ধে একটি মিথ্যা প্রচারপত্র বিতরণ করা হয়েছে। তাঁরা যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার দাবি করেন। বক্তারা প্রচারপত্র বিলির জন্য কাজী ওয়াহিদকে দায়ী করে তাঁর শাস্তি দাবি করেন।এ প্রসঙ্গে কাজী ওয়াহিদ বলেন, ওই প্রচারপত্র তৈরি কিংবা বিলির সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।