মুন্সিগঞ্জে ২১০ মণ জাটকা আটক!
মুন্সিগঞ্জের লঞ্চঘাট এলাকায় ধলেশ্বরী নদীতে গতকাল সোমবার সকালে অভিযান চালিয়ে ২১০ মণ জাটকা ইলিশ আটক করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ। জাটকার বিশাল এই চালান আটক করা হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে জাটকা বহনকারী লঞ্চগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। কোস্টগার্ড স্টেশন কমান্ডার ফেরদৌস আলম জানান, দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী এমভি গাজী-৪, এমভি কোকো-১ ও এমভি যুবরাজ নামের তিনটি লঞ্চে অভিযান চালিয়ে ৬৫টি ঝুড়িবন্দী অবস্থায় জাটকাগুলো আটক করা হয়। পরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আজিজুল আলম ও জেলা মৎস্য কর্মকর্তা আবদুল কাইয়ুম উপস্থিত থেকে পুলিশ লাইন এলাকায় ধলেশ্বরীর তীরে জাটকাগুলো মাটিচাপা দেওয়া হয়। এদিকে কোস্টগার্ডের সদস্যরা গত ৪ ফেব্রুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত অভিযান চালিয়ে ৯০৫ মণ জাটকা ও ১৪ লাখ ৫১ হাজার মিটার কারেন্ট জাল আটক করেন। জাটকা বহনকারী লঞ্চগুলো সম্পর্কে ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. আজিজুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি যাওয়ার আগেই লঞ্চগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। লঞ্চগুলো আটক করে রাখা উচিত ছিল। তবে ওই লঞ্চগুলো সম্পর্কে কোস্টগার্ডকে মেরিন আইনে মামলা দায়ের করার জন্য বলেছি।’