মুন্সিগঞ্জে ৩ কেন্দ্রে পরাজিত প্রার্থীদের হামলা, আহত ৪৫
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় গতকাল মঙ্গলবার রাতে পৃথক তিনটি নির্বাচনী সহিংসতার ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তা, র্যাব, পুলিশ সদস্যসহ প্রায় ৪০ জন আহত হয়েছে। উপজেলার তন্তর, রাঢ়িখাল ও কুকুটিয়া ইউনিয়নের তিনটি ভোটকেন্দ্রে পরাজিত প্রার্থীদের লোকজন হামলা চালালে এসব ঘটনা ঘটে।শ্রীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল লতিফ মোল্লা জানান, তন্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের একটি ভোটকেন্দ্র ছিল সুফীগঞ্জ মাদ্রাসায়। তিনি বলেন, ওই কেন্দ্রের ফল ঘোষণা করে ফেরার সময় পরাজিত হওয়া চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল আজিজের লোকজন তাঁদের ওপর হামলা চালায়। এ সময় তাঁর সঙ্গে থাকা প্রিসাইডিং কর্মকর্তা শ্রীনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মাওলা ও পুলিশের আট সদস্যসহ অন্তত ২৫ জন আহত হন। পরে র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ১০-১২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রীনগর থানা পুলিশ জানায়, রাঢ়িখাল ইউনিয়নের উত্তর বালাসুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একইভাবে পরাজিত প্রার্থীর লোকজন হামলা চালায়। তাঁরা ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে প্রিসাইডিং কর্মকর্তা, তিন পুলিশ ও দুই আনসার সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন। পরে সহকারী পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ব্যালট পেপার ও নির্বাচনীসামগ্রী উদ্ধার করে উপজেলা পরিষদে নিয়ে আসে। কুকুটিয়া ইউনিয়নের কেকে ইনস্টিটিউশন কেন্দ্রে ফল ঘোষণার পর একইভাবে পরাজিত প্রার্থীর লোকজন হামলা চালায়। সেখানেও র্যাবের এক সদস্যসহ বেশ কয়েকজন আহত হন।সহকারী পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই তিন ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।