মুন্সিগঞ্জে ৩০ বিদ্যালয়ের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ বিল বকেয়া থাকায় মুন্সিগঞ্জের সিরাজদিখান ও টঙ্গিবাড়ী উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। এতে গরমে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিশু শিক্ষার্থীদের। গত বুধ ও বৃহস্পতিবার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিরাজদিখান আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আসাদুজ্জামান বলেন, বকেয়া বিদ্যুৎ বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কোনো কোনো বিদ্যালয়ের বকেয়া রয়েছে ২০০৮ সাল থেকে। তিনি বলেন, এর মধ্যে কয়েকটি বিদ্যালয় বিল পরিশোধ করায় সেখানে সংযোগ দেওয়া হয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, সিরাজদিখানে ২৫টি ও টঙ্গিবাড়ীতে পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এরপর স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যানরা সমিতির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি দেখার আশ্বাস দেওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করার কাজ বন্ধ রাখা হয়েছে।

সিরাজদিখানের রশুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা বেগম বলেন, ‘বেশ কয়েক মাস নিজেদের বেতনের টাকা দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করেছি। এখাতে কোনো বরাদ্দ না থাকায় আট মাসের বিল বকেয়া পড়েছে।’ তিনি বলেন, বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেক শিশু গরমে অসুস্থ হয়ে পড়ছে।

মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) মো. মাহবুবুর রহমান বলেন, জেলার প্রায় সব প্রাথমিক বিদ্যালয়েরই কমবেশি বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, তারা মন্ত্রণালয় থেকে টাকা পাচ্ছেন না, তাই বিল পরিশোধ করতে পারছেন না।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার বলেন, মন্ত্রণালয় থেকে টাকা পাওয়ামাত্র বিদ্যুৎ বিল পরিশোধ করা হবে।