মুন্সিগঞ্জের একটি কারখানাকে ২৫ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধলেশ্বরী নদী দূষণের দায়ে মুন্সিগঞ্জের পশ্চিম মুক্তারপুরে বর্ণালী ফেব্রিকম লিমিটেড নামের ডায়িং কারখানাকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। ঢাকায় পরিবেশ অধিদপ্তরে কারখানা কর্তৃপক্ষের উপস্থিতিতে গতকাল রোববার এই জরিমানার নির্দেশ দেন অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত শনিবার পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী পশ্চিম মুক্তারপুরে বর্ণালী ফেব্রিকম কারখানায় অভিযান চালান। এ সময় তিনি দেখতে পান, ওই কারখানার বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) সম্পূর্ণ অকার্যকর ও পরিত্যক্ত। অথচ কারখানার উৎপাদন অব্যাহত রয়েছে। কারখানা থেকে একটি বাইপাস লাইন মাটির গভীর দিয়ে নদীর গর্ভে টেনে নেওয়া হয়েছে। ওই লাইন দিয়ে লাল বর্ণের অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে। অভিযান শেষে মুনির চৌধুরী কারখানার মালিককে রোববার পরিবেশ অধিদপ্তরে হাজির হতে বলেন। নির্দেশ অনুযায়ী গতকাল কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এম এ রশিদ পরিবেশ অধিদপ্তরে হাজির হলে তাঁকে এই জরিমানা করা হয়। মুনির চৌধুরী বলেন, ওই কারখানাটি সুপরিকল্পিতভাবে নদী দূষণ করেছে। এ কারণে এ জরিমানা করা হয়েছে। এর আগে তাদের দুই বার নোটিশ দেওয়া হয়েছিল।