মুন্সিগঞ্জের খালগুলো দখলমুক্ত করার নির্দেশ
মুন্সিগঞ্জের খালগুলো দখলমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধ দখলের ঘটনা তদন্ত করে দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে। গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ বিষয়ে আগামী ৬ মার্চ পরবর্তী দিন ধার্য করা হয়েছে। ওই দিন আদেশ বাস্তবায়নের অগ্রগতি আদালতকে জানাতে বলা হয়েছে। গত ১৯ জানুয়ারি প্রথম আলোয় ‘নয়নের খাল আর নয়ন জুড়ায় না!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, মিরকাদিম পৌরসভায় নয়নের খাল, রিকাবীবাজার ও ফেচন্নীর খাল দখল হয়ে যাচ্ছে। প্রতিবেদনটি আদালতের নজরে আনা হলে ওই দিন আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। ভূমি দখলদারদের কাছ থেকে মুন্সিগঞ্জের খাল উদ্ধারের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয় রুলে। একই সঙ্গে ব্যাখ্যা জানাতে বিবাদীদের আদালতে হাজির হতে বলা হয়। সূত্র জানায়, এ নির্দেশনা অনুসারে গতকাল সকালে ১২ জন বিবাদী আদালতে হাজির হন। একই সঙ্গে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মিরকাদিম পৌরসভার মেয়রের পক্ষ থেকে রুলের জবাব আদালতে দাখিল করা হয়। আদালতে মেয়রের পক্ষে আইনজীবী এ এম আমিনউদ্দিন ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ উদ্দিন শুনানিতে অংশ নেন।পরে মেয়রের আইনজীবী এ এম আমিনউদ্দিন প্রথম আলোকে বলেন, রুলের জবাবে জেলা কমিটির সভায় খাল উচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত হয় এবং উচ্ছেদ কার্যক্রম চলছে বলে আদালতকে জানানো হয়েছে। এ বি এম আলতাফ হোসেন জানান, রুলের জবাবে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের পক্ষ থেকে বলা হয়েছে খাল দখলমুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে।