মুন্সিগঞ্জের গ্রামে সহজেই মিলছে ইয়াবা বড়ি
মুন্সিগঞ্জ সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রামে গ্রামে এখন সহজেই ইয়াবা বড়ি মিলছে৷ ইয়াবা বড়ি কিনতে মাদকসেবীরা এখন এসব গ্রামে ভিড় করছে৷ গ্রামের তরুণ-যুবকেরাও ইয়াবায় আসক্ত হয়ে পড়ছেন৷ গ্রামের সবুজ পরিবেশ মাদকের বিষে বিষাক্ত হয়ে পড়েছে৷
গতকাল বুধবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাস ও নাশকতা নির্মূল কমিটির মাসিক সভায় বক্তারা এসব কথা বলেন৷
সভায় বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোতা মিয়া মুন্সী বলেন, বজ্রযোগিনী অতীশ দীপঙ্করের জন্মভিটা৷ সেই বজ্রযোগিনীতে এখন ইয়াবা বড়ির রমরমা ব্যবসা চলছে৷ এ ছাড়া ১৫ দিন আগে এলাকার চারটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে৷
আধারা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, তাঁর এলাকায় সহজেই ইয়াবা বড়ি পাওয়া যায়৷
চরকেয়ার ইউনিয়নের কয়েকটি গ্রামে গাঁজা ও ইয়াবার ব্যবসা চলছে বলে জানান ইউপির প্যানেল চেয়ারম্যান রবিউল আউয়াল৷
পঞ্চসার ইউপির সদস্য সেলিনা কায়সার বলেন, পঞ্চসার ও বিনোদপুরে প্রকাশ্যেই ইয়াবা ও গাঁজা পাওয়া যাচ্ছে৷ এই দুটি এলাকার ঘরে ঘরে তরুণেরা মাদকাসক্ত হয়ে পড়ছেন৷
সভায় সদর থানার পরিদর্শক (তদন্ত) ইয়ারদৌস হাসান বলেন, ‘মাদকদ্রব্য ইয়াবা শুধু মুন্সিগঞ্জেই নয়, সারা দেশেই একই অবস্থা৷ ইয়াবার কারণে এখন ফেনসিডিল আসক্তের সংখ্যা কমে গেছে৷ ওরা এখন ইয়াবা খাচ্ছে৷ এসব বিষয়ে তিনি পুলিশের পাশাপাশি এলাকাবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান৷
উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারাবান তাহুরার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুজ্জামান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল কবির প্রমুখ৷